চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের ম্যাচে চোয়াল ভেঙে যাওয়ার পরও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছেন অস্ট্রিয়ার ডিফেন্ডার স্টেফান পশ।
রোববার কোচ রালফ রাংনিক জানিয়েছেন, ম্যাচের আগের দিন পুরোদমে অনুশীলন করেছেন পশ। তাকে একটি বিশেষ সুরক্ষামূলক ‘জ ব্রেস’ ফিট করার জন্য দুইবার লস অ্যাঞ্জেলেসে যেতে হয়েছিল, যা এই ইনজুরি থাকা সত্ত্বেও তাকে মাঠে নামার অনুমতি দেবে। স্বস্তির খবর হলো, পশের কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি।
একজন দোভাষীর মাধ্যমে রাংনিক বলেন, ‘অন্য যেকোনো খেলোয়াড়ের মতোই ও আগামীকাল খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। এখন দেখার বিষয় ও আগামীকাল শুরুর একাদশে থাকে নাকি ম্যাচের মাঝে ওকে মাঠে নামানো হয়।’
৩৬ বছর পর জয় ও পশের ইনজুরি
গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় ‘জে’ গ্রপের প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষে অস্ট্রিয়ার ৩-১ গোলে জয়ের সময় প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে চোয়ালে মারাত্মক আঘাত পান পশ। এটি ছিল গত ৩৬ বছরের মধ্যে আন্তর্জাতিক এই টুর্নামেন্টে অস্ট্রিয়ার প্রথম জয়।
শুরুর দিকে আশঙ্কা করা হয়েছিল, মেইঞ্জের এই ২৯ বছর বয়সী ডিফেন্ডার হয়তো বিশ্বকাপের বাকি অংশ থেকেই ছিটকে গেছেন। তবে সব শঙ্কা উড়িয়ে আলবিসেলেস্তেদের রুখে দিতে ব্রেস পরেই মাঠে নামার জন্য তৈরি এই অস্ট্রিয়ান প্রাচীর।


