চুয়েট প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন, চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ

চুয়েট প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন, চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ
চুয়েটে চোখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান আন্দোলনে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান না হওয়ায় এর প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার বেলা পৌনে ৩টার দিকে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের নবম দিনের কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র সংলগ্ন সড়ক দিয়ে স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনের নীরবতার প্রতীক হিসেবে চোখে কালো কাপড় বেঁধে মিছিলে অংশ নেন ।

মিছিল চলাকালে শিক্ষার্থীরা ‘প্রশাসন নীরব কেন, জবাব চাই, জবাব চাই’, ‘ভিসি স্যার, ভিসি স্যার—সায়েম স্যার, সায়েম স্যার’ এবং ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে অংশ নেওয়া পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইজাজ মাহমুদ খান বলেন, ‘আমরা প্রায় নয় দিন ধরে চুয়েটে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে দেখছি, প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, কিংবা কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এর প্রতিবাদে আজ দুপুরে চোখে কালো কাপড় বেঁধে প্রশাসনের এই নীরবতার প্রতিবাদ জানাচ্ছি।’

উল্লেখ্য, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এর ফলে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস, পরীক্ষা ও ল্যাবসহ অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। আন্দোলনের বিভিন্ন দিনে মানববন্ধন, গণস্বাক্ষর, গণঅবস্থান, লাল কার্ড প্রদর্শন, গ্রাফিতি ও বিভিন্ন সৃজনশীল কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad