হাটহাজারী থানার চাঁদাবাজি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান জানান, মামলায় ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ২ আগস্ট চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহর আদালত ডেভিড ইমনের অন্য একটি মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ডেভিড ইমন (২৫) ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে।
পুলিশ সূত্র জানায়, ২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, ১৩ জুন পাহাড়তলী এলাকায় মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্য ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়। পরে যশোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল ও দুটি দেশি এলজিসহ বিভিন্ন অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৩টি মামলা রয়েছে। এসব মামলার পাশাপাশি একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে।


