চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদার, চুরি ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে পণ্য কেনাবেচা বন্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় সভা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১১টায় কোস্ট গার্ড পূর্ব জোনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, ৪২টি শিপিং এজেন্ট কোম্পানি, কাফকো, সিইউএফএল, পিসিটি, আরএসজিটি ও বিএসএএসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সাব্বির আলম সুজন বলেন, চট্টগ্রাম বহির্নোঙরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ, অবৈধভাবে পণ্য কেনাবেচা বন্ধ এবং সংশ্লিষ্ট তথ্যের গোপনীয়তা রক্ষার বিষয়গুলো সামনে রেখে সমন্বয় সভার আয়োজন করা হয়।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও প্রতিরোধমূলক কার্যক্রমের ফলে বাংলাদেশের জলসীমায় বাণিজ্যিক জাহাজে ছিঁচকে চুরির ঘটনা কমেছে।
২০২৪ সালে এ ধরনের চুরির ঘটনা ঘটেছিল ১০টি। ২০২৫ সালে তা কমে দাঁড়ায় চারটিতে। ২০২৬ সালেও এ সংখ্যা অপরিবর্তিত রয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা জানান, চট্টগ্রাম বন্দর দেশের অন্যতম প্রধান আন্তর্জাতিক সমুদ্রবন্দর। দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের একটি বড় অংশ এ বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ ও জাতীয় অর্থনীতিতে বন্দরটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
চট্টগ্রাম বন্দর ও সংলগ্ন জলসীমায় দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড পূর্ব জোন নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছে।
পাশাপাশি বাণিজ্যিক জাহাজে ছিঁচকে চুরি, চোরাচালান এবং জাহাজ থেকে অবৈধভাবে পণ্য কেনাবেচা প্রতিরোধে বিশেষ নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সাব্বির আলম বলেন, দেশের বিস্তীর্ণ সমুদ্র, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্র অর্থনীতির উন্নয়নে বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, নিরাপদ নৌবাণিজ্য বজায় রাখা এবং বাণিজ্যিক জাহাজকেন্দ্রিক অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কোস্ট গার্ড পূর্ব জোনের নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে।


