গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ সাশ্রয়ে সারা দেশের ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
শনিবার দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক মতবিনিময় সভায় দেশের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় তিনি এ আহ্বান জানান। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রী বলেন, ‘গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে হবে এবং সবাইকে সাশ্রয়ের বিষয়ে সচেতন হতে হবে।’
তিনি জানান, আপাতত তিন মাসের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘কোরবানির ঈদের আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে সময়সীমা সমন্বয় করা যেতে পারে।’
সভায় উপস্থিত ব্যবসায়ী নেতারা সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন এবং পাশাপাশি কিছু সুপারিশ ও দাবি তুলে ধরেন।
জবাবে মন্ত্রী সাময়িকভাবে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, ব্যবসায়ীদের দাবিগুলো নিয়েও আলোচনা করা হবে।
তিনি আরও বলেন, ‘মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।


