গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে চাকু ঠেকিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে রোমান সরকার (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার বিকালে উপজেলার পৌর শহরের বর্ধনকুঠি এলাকায় এই ঘটনা ঘটে। আটক রোমান সরকার উপজেলার বুজরুক বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে ওই শিক্ষার্থী বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। পথে বর্ধনকুঠি নামক স্থানে তাকে একা পেয়ে রোমান পাশের একটি ঝোপে নিয়ে যান। সেখানে শিশুটির গলায় চাকু ঠেকিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন তিনি।
এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে রোমানকে হাতেনাতে ধরে ফেলে এবং আটকে রাখে। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, অভিযুক্ত যুবক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তিনি বলেন, ‘আটক যুবক থানায় আছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’


