নওগাঁর পত্নীতলা উপজেলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে আমবাটি ডাবল ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মান্দা উপজেলার চৌবাড়িয়া গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মতিউর (৪৫) এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল (৪৫)।
পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, মতিউর এবং নাজমুল প্রাইভেট কারে হিলিতে যাচ্ছিলেন। পথে নজিপুর-ধামুইরহাট আঞ্চলিক সড়কের আমবাটি ডাবল ব্রিজ এলাকায় পৌঁছালে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং মতিউর ও নাজমুল গুরুতর আহত হন। পরে প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।


