গায়ানায় কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত বাংলাদেশের

গায়ানায় কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত বাংলাদেশের
রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক। ছবি: পিআইডি
Advertisement
Advertisement

গায়ানার রাজধানী জর্জটাউনে ফার্স্ট সেক্রেটারি পর্যায়ের নতুন একটি কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে দেশটির সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও জনশক্তি সহযোগিতা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ওই বৈঠকে ছয়টি অধ্যাদেশ, তিনটি প্রস্তাব এবং একটি নীতি আদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়।

শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ক্যারিবীয় অঞ্চলের দেশ গায়ানার রাজধানী জর্জটাউনে চার্জ দ্য অ্যাফেয়ার্স বা ফার্স্ট সেক্রেটারি পর্যায়ের একটি নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বিদ্যমান বাংলাদেশি দূতাবাস ও মিশনগুলো থেকে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হবে।

প্রেস উইং আরও জানায়, গায়ানা বর্তমানে বিশ্বের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনকারী দেশগুলোর একটি। গত বছর দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল প্রায় ৫০ শতাংশ। গায়ানায় শ্রমবাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। সেই সম্ভাবনাময় শ্রমবাজারে বাংলাদেশের প্রবেশ এবং অর্থনৈতিক ও জনশক্তি সহযোগিতা জোরদার করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া বৃহস্পতিবার অনুমোদিত অন্যান্য অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬, পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬, জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) অধ্যাদেশ- ২০২৬, বাংলাদেশ প্রাণী ও প্রাণিজাত পণ্য সঙ্গনিরোধ অধ্যাদেশ-২০২৬, আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৬ এবং কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৬।

পাশাপাশি প্রতি বছর ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ হিসেবে উদযাপনের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad