গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোনাবাড়ীর আমবাগ ঈদগাহ মাঠের পাশের ঝুটের গুদামে আগুন লাগার এ ঘটনা ঘটে।
জানা গেছে, আগুন দেখে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ততোক্ষণে আগুন চারপাশে ছড়িয়ে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের চারটি ইউনিয়ন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মামুন বলেন, ‘আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে কাজ শুরু করি। গুদামে অনেক ঝুট ছিল, সেগুলোতে আগুন লেগে যাওয়ায় ভয়াবহতা বেড়ে যায়। চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা করে রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনে।’
তিনি বলেন, ‘তদন্তের পর আগুন লাগার কারণ ও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যাবে।’


