নড়াইল সদর উপজেলায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে মোস্তফা কাজী (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার মহারাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা কাজী ওই গ্রামের আকমল কাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার ভদ্রবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভদ্রবিলা ও পলইডাঙ্গা গ্রামের মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিরোধ মীমাংসায় বৃহস্পতিবার স্থানীয়ভাবে সালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। শুক্রবারও এ বিষয়ে আরেকটি সালিস হওয়ার কথা ছিল।
এরই মধ্যে বিকেলে বাজার থেকে কেনাকাটা করে বাড়ি ফেরেন মোস্তফা কাজী। জিনিসপত্র রেখে পুনরায় ভদ্রবিলা বাজারে যাওয়ার পথে সাত থেকে আটজন তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।


