সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। তার নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা আব্দুল মালেক। পরে সংসদের উত্তর পাশে চন্দ্রিমা উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বিকাল সাড়ে ৩টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।
মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে খালেদা জিয়া সারাজীবন কাজ করেছেন। তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণের নয়। দেশের মানুষের জন্য অপূরণীয় ক্ষতি। এ শোক, বেদনা আমাদের পক্ষে ধারণ করা কঠিন। তিনি আরও বলেন, আমরা শোককে শক্তিতে রূপান্তর করতে চাই। জিয়া এমন সময় চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি দরকার ছিল।’
স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নামাজে জানাজা সঞ্চালনা করবেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, শোকের দিনে নেতাকর্মীদের বিশৃঙ্খলা না করার অনুরোধ জানাই।
এর আগে মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে।


