ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাকচাপায় আনিসুর রহমান আনিস (৪৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে তিনি মোটরসাইকেলে মহেশপুর থেকে কোটচাঁদপুর শহরে যাওয়ার সময় বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন তালমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিস কোটচাঁদপুর মডেল থানায় বেতার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বিশ্বাসের ছেলে।
কোটচাঁদপুর থানা সূত্রে জানা গেছে, কনস্টেবল আনিস মহেশপুর শহরে ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার সকালে মহেশপুর থেকে তিনি কর্মস্থল কোটচাঁদপুর থানায় আসছিলেন। তার মোটরসাইকেল কোটচাঁদপুর শহরের তালমিল এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় আনিসকে স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।


