সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরের জামিন বাতিল করেছেন আদালত।
সোমবার শুনানি শেষে ঢাকার ১৭তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামানের আদালত এই আদেশ দেন।
এর আগে, রোববার আদালত লাভলুর জামিন মঞ্জুর করেছিলেন। তবে একদিনের ব্যবধানেই সেই আদেশ বাতিল করা হলো। ছাত্রজীবনে লাভলু মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আশরাফুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার এক হাজার টাকার মুচলেকায় আসামির জামিন মঞ্জুর করা হয়েছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা সময়মতো জামিননামা আদালতে জমা দিতে পারেননি।
সোমবার সকালে তারা জামিননামা দাখিল করলে আদালত তা প্রত্যাখ্যান করে জামিন বাতিলের নির্দেশ দেন।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করেন লাভলু।
এই ঘটনার জেরে গত বছরের ১৭ নভেম্বর মধ্যরাতে শিক্ষার্থীরা তাকে আটক করে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন। পরবর্তীতে শাহবাগ থানা পুলিশ খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখায়।
মামলার এজাহার অনুযায়ী, ২০১৫ সালের ২২ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারে বের হন খালেদা জিয়া। বিকাল সাড়ে ৫টার দিকে শাহবাগের বাংলামোটর মোড়ে পৌঁছালে তার গাড়িবহরে পূর্বপরিকল্পিত হামলা চালানো হয়। হামলাকারীরা ১২-১৪টি গাড়ি ভাঙচুর করে এবং চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ নেতাকর্মীদের মারধর করে। ওই ঘটনায় ২০২৪ সালের ২৩ নভেম্বর শাহবাগ থানায় মামলাটি করা হয়।


