কুমিল্লা নগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভা চলাকালীন সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দলীয় কার্যালয়ের সামনে দলের সেক্রেটারি মাহাবুবুর রহমানের একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর গাংচর ফারুকী হাউসের সামনে এ ঘটনা ঘটে। তবে সংঘর্ষের সূত্রপাত, এতে কেউ আহত হয়েছেন কি না এবং গাড়ি ভাঙচুরের পেছনে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কুমিল্লা কোতওয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘জামায়াতের সেক্রেটারি পদ নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। একটি মামলার সাক্ষ্য দিয়ে আমি চট্টগ্রাম গিয়েছিলাম। এখন ফিরছি। কুমিল্লা থেকে আমাদের অফিসার বিষয়টি আমাকে জানিয়েছেন।’
দলীয় কার্যালয়ের সামনে জামায়াত সেক্রেটারির গাড়ি ভাঙচুরের বিষয়ে জামায়াতে ইসলামীর অফিসের সামনে উপস্থিত একাধিক নেতাদের বক্তব্য জানতে চাইলেও কেউ বক্তব্য দিতে রাজী হয়নি।
বর্তমানে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জামায়াতে ইসলামীর বক্তব্য
জামায়াতের কুমিল্লা মহানগরীর আমির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা মহানগরীর সাংগঠনিক বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রকৃত ঘটনা হচ্ছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামী কার্যালয়ে পূর্ব নির্ধারিত একটি সভা চলছিল। এ সময় কিছু যুবক সেখানে ঢুকে হইচই শুরু করে। এ সময় তারা চিৎকার-চেঁচামেচি করে চলে যাওয়ার সময় আমাদের একটি গাড়ি ভাঙচুর করে।’
আরও বলা হয়, ‘আমরা ঘটনা তদন্ত করে দেখছি। এর পেছনে কারা জড়িত, তারা কেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাল, সেসব বিস্তারিত জেনে পুনরায় সংবাদমাধ্যমকে অবহিত করা হবে।’


