কুমিল্লায় দুটি কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় কক্সবাজার ও কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
কিশোর গ্যাং দুটি হল- ‘র’ এবং ‘ক্রাইম সেট আপ’। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, র গ্যাংয়ের দলনেতা ইমরান হোসেন রতন (১৯) ও সাইফুল ইসলাম (২০) এবং ক্রাইম সেট আপ গ্যাংয়ের শীর্ষ নেতা মো. সাব্বির ওরফে ‘পয়েন্ট সাব্বির’ (২৪) ও রবিউল ইসলাম নবী ওরফে ‘কিং মেকার’ (২৪)।
শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
পুলিশ জানিয়েছে, রতনের বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও মাদকসহ নয়টি মামলা রয়েছে। সাইফুলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১০টি মামলা চলমান। অন্যদিকে সাব্বির ও নবীর বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে গত ১০ দিন ধরে কুমিল্লাজুড়ে বিশেষ অভিযান চলছে। এ সময় সন্দেহজনক দুই হাজারের বেশি কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। যাচাই-বাছাই শেষে অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আর অপরাধে সম্পৃক্ততা না পাওয়া কিশোরদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
পুলিশের ধারাবাহিক অভিযানের কারণে কিশোর গ্যাংয়ের অনেক সদস্য আত্মগোপনে চলে গেলেও তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে জেলা পুলিশ।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের নির্দেশনায় চলমান এ অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ও কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
জেলা পুলিশ আরও জানিয়েছে, কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্তানরা কার সঙ্গে মিশছে এবং কোথায় যাচ্ছে, সে বিষয়ে সচেতন থাকার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।


