কানাডার কুইবেক প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আগুন ধরে চারজন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানায়, সেন্ট-ব্রিজিড-ডি-ইবারভিল এলাকার ১০ নম্বর মহাসড়কের পাশে ‘র্যাং ডেস ইকোসের’ কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, জরুরি সেবাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থলেই হেলিকপ্টারে থাকা চারজনকে মৃত ঘোষণা করা হয়।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি তদন্ত করবে পুলিশের ‘মেজর ক্রাইমস ইউনিট’ বা গুরুতর অপরাধ তদন্ত বিভাগ।
কানাডার ‘ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড’ দুর্ঘটনাস্থলে তদন্তকারী দল পাঠাবে বলে আশা করা হচ্ছে।


