বগুড়ার শাজাহানপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।
নিহতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মণ্ডলের ছেলে মাইক্রোবাসচালক ফেরদৌস মণ্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক যাত্রী সাতজন স্বজনকে সঙ্গে নিয়ে মাইক্রোবাসে করে আক্কেলপুরে ফিরছিলেন। মাইক্রোবাসটি নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় ভুলক্রমে মহাসড়কের বিপরীত লেনে উঠে পড়লে বিপরীত দিক থেকে আসা ভুট্টাবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনাস্থলেই চালক ফেরদৌস ও যাত্রী জুবায়েদুল মারা যান। খবর পেয়ে আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানায়।


