দুই যুগের বেশি সময়ের ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন দিলশাদ নাহার কনা। অডিও, প্লেব্যাক, জিঙ্গেল সব মাধ্যমেই সাফল্যের পালক ছুঁয়েছেন। তার গাওয়া বরষা, ধিমতানা, রেশমী চুড়ি, দিল দিল দিল, ওহে শ্যাম, তুই কি আমার হবি রে পেরিয়ে হালের দুষ্টু কোকিল তো মানুষের মুখে মুখে।
সুকন্ঠী এই গায়িকার ব্যক্তিজীবন ও সংগীতজীবনের অনেক অজানা গল্প বলেছেন একটি টিভি অনুষ্ঠানে। ‘স্টার নাইট’ নামের অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯ টায়।
অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের নানারকম অভিজ্ঞতা, ঘটনা ও সাফল্যের গল্প বলবেন কনা। সেই সাথে তার সহকর্মী, কাছের বন্ধু, এবং পরিবারের সদস্যরা তার সম্পর্কে বলবেন। অনুষ্ঠানে তার প্রিয় গান ও চলচ্চিত্রের বিভিন্ন ক্লিপিংসও দেখানো হবে।
রুম্মান রশীদ খানের গ্রন্থনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মৌসুমী মৌ। প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।


