কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে তরুণ পর্যটক নিখোঁজ

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে তরুণ পর্যটক নিখোঁজ
নিখোঁজ তরুণ পর্যটক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে মোহাম্মদ আবীর (১৮) নামের এক তরুণ পর্যটক নিখোঁজ হয়েছেন। রোববার দুপুরে সৈকতের সি-গাল পয়েন্ট এলাকায় ঢেউয়ের তীব্র স্রোতে ভেসে যাওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ আবীর ঢাকার লালবাগ থানার শহীদনগর এলাকার ইলিয়াছ মুন্সির ছেলে। তিনি ঢাকার নিউমার্কেট এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী।

আবীরের সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসা বন্ধু মোহাম্মদ ইমন জানান, রোববার সকালে তারা নয় বন্ধু মিলে ঢাকা থেকে কক্সবাজারে এসে সি ল্যান্ড গেস্ট হাউজ নামের একটি আবাসিক হোটেলে ওঠেন। পরে বেলা সাড়ে ১২টার দিকে সৈকতের সি-গাল পয়েন্টে গোসল করতে নামেন। তাদের কাছে থাকা টিউবগুলোর মধ্যে আবীরের হাতে থাকা টিউবটি এক পর্যায়ে ঢেউয়ের তোড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় পাশে থাকা এক বন্ধু তাকে টেনে আনার চেষ্টা করলেও প্রবল ঢেউয়ের টানে আবীর সাগরে ভেসে যায়।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘ঘটনার পর আমরা আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেছি। পরে তার কোনো সন্ধান না পেয়ে লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশকে বিষয়টি জানিয়েছি।’

ঘটনার পরপরই লাইফগার্ড কর্মী, ট্যুরিস্ট পুলিশ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো নিখোঁজ পর্যটকের সন্ধানে তৎপরতা শুরু করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পর বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড সদস্যদের নিখোঁজ পর্যটকের সন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।’

রাত ৯টা পর্যন্ত নিখোঁজ পর্যটক আবীরের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ পর্যটককে উদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলোর অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad