উপাচার্য পরিবর্তনের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের মশাল মিছিল

উপাচার্য পরিবর্তনের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের মশাল মিছিল
ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন তারা।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে মশাল হাতে মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে মিছিলগুলো স্বাধীনতা চত্বরে এসে একত্রিত হয়। সেখানে ‘তোমার ভিসি, আমার ভিসি—সায়েম স্যার, সায়েম স্যার’, ‘উই ওয়ান্ট সায়েম স্যার’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

পরে স্বাধীনতা চত্বর থেকে শিক্ষার্থীদের সম্মিলিত মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাস্কেটবল গ্রাউন্ডে গিয়ে শেষ হয়। সেখানে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

এ কর্মসূচিতে অংশ নেওয়া পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘আঁধারে একসঙ্গে জ্বলে ওঠা মশাল আমাদের আন্দোলনের ঐক্য ও দৃঢ়তার প্রতীক। সায়েম স্যার একজন বহুমুখী গুণসম্পন্ন মানুষ। তিনি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একজন শিক্ষক ও উপাচার্য ছিলেন।’

তিনি আরও বলেন, ‘তার ৫৬ দিনের দায়িত্বকালে চুয়েট এগিয়ে যাচ্ছিল। এমন সময়ে হঠাৎ তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। তাকে পুনরায় উপাচার্য হিসেবে নিয়োগ না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের একটাই দাবি—সায়েম স্যারকে আবার উপাচার্য হিসেবে চাই।’

এর আগে ২১ সেপ্টেম্বর রাতে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদ থেকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ওই রাতেই বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad