উখিয়ায় নিজের মাছের ঘের থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

উখিয়ায় নিজের মাছের ঘের থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
কক্সবাজার জেলা সদর হাসপাতাল। ছবি: ফেসবুক থেকে
Advertisement
Advertisement

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় নিজ মালিকানাধীন মাছের ঘের থেকে জাফর (৪২) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। তিনি ওই এলাকার মৃত হাজী সিকান্দরের ছেলে।

স্থানীয়রা মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ঘেরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পরিচয় নিশ্চিত হলে খবর ছড়িয়ে পড়ে এলাকায়। এরপরই এলাকাবাসী পুলিশে খবর দেয়।

জাফর দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং তার পরিবারও বর্তমানে প্রবাসে আছে। দেশে ফিরে তিনি দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে তিনি নিজের জমিজমা, চাষাবাদ ও মাছের প্রজেক্ট দেখভাল করছিলেন। ঘেরের ভেতরে একটি ছোট ঘরে একাই থাকতেন তিনি।

নিখোঁজ থাকার একদিন পর এভাবে জাফরের মরদেহ পাওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মরদেহের পাশেই বৈদ্যুতিক তারও পড়ে থাকতে দেখা যায়।

ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এটি স্বাভাবিক মৃত্যু, না দুর্ঘটনা বা হত্যাকাণ্ড তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। সত্য উদঘাটনে প্রশাসনের কাছে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর