রামিসা হত্যাকাণ্ডে ৭২ ঘণ্টার মধ্যে ডিএনএ রিপোর্ট পেলে পুলিশ ঈদের আগেই মামলার চার্জশিট দিতে পারবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ঈদের পরপরই শুরু হবে এই মামলার বিচারকাজ।
শনিবার রাজধানীতে লিগ্যাল এইডের একটি অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দেওয়া হলে পরবর্তীতে বিচারকাজ প্রশ্নবিদ্ধ হতে পারে। পুলিশ ডিএনএ রিপোর্ট পাওয়ার পরপরই আদালতে চার্জশিট জমা দেবে। সবকিছু ঠিকমত চললে ঈদের আগেই চার্জশিট দেওয়া সম্ভব।
দ্রুত এই হত্যামামলার বিচার শেষ করার অঙ্গীকার জানিয়ে মন্ত্রী বলেন, ঈদের ছুটি শেষ হওয়ার পরপরই এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার শুরু হবে।
হাইকোর্টে ডেথ রেফারেন্স নিষ্পত্তিতে বিলম্ব সম্পর্কে মো. আসাদুজ্জামান বলেন, নিম্ন আদালতের দেওয়া ফাঁসির রায় হাইকোর্টে আসার পর মামলার পেপারবুক তৈরি করতে উল্লেখযোগ্য সময় লেগে যায়। এ কারণেই হাইকোর্টে চূড়ান্ত রায় পেতে বিলম্ব হয়।
পেপারবুক তৈরির প্রক্রিয়া আরও দ্রুততর করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান আইনমন্ত্রী।


