ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা।
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি সোমবার রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করে রাজার পক্ষ থেকে এ শোক জানান।
ফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। তিনি বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট গভীর শোক প্রকাশ করেন।

এসময় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তার সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানান।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ ঘটনায় বাহরাইন সরকারের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন চট্টগ্রামের সন্দ্বীপের এক প্রবাসী বাংলাদেশি। নিহত মো. তারেক (৪৮) উপজেলার আজিমপুর পাহাড় এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় সময় ভোরে বাহরাইনের একটি শিপইয়ার্ডে দায়িত্ব পালনকালে হামলার ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। মো. তারেক প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন।


