ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণের জন্য ৫ হাজার টাকা নিবন্ধন ফি নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৫ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলবে নিবন্ধন কার্যক্রম।
বুধবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন প্রচার উপকমিটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নিবন্ধন সংক্রান্ত এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবর্তনে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। মূল নিবন্ধন ফির পাশাপাশি ডিগ্রিভেদে সনদ সংগ্রহের জন্য আলাদা ফি দিতে হবে। স্নাতক (সম্মান) পর্যায়ের সনদের জন্য ৫০০ টাকা, স্নাতকোত্তরের জন্য ৭০০ টাকা, এমফিলের জন্য ১ হাজার টাকা এবং পিএইচডি ডিগ্রির সনদের জন্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, সমাবর্তনে নিবন্ধনকারী প্রত্যেক শিক্ষার্থী সর্বোচ্চ তিনজন অতিথি সঙ্গে নিয়ে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। অতিথিদের মধ্যে শিক্ষার্থীর স্বামী বা স্ত্রী এবং পাঁচ বছরের কম বয়সী সন্তানের জন্য কোনো ফি প্রযোজ্য হবে না। তবে পাঁচ বছর বা তার বেশি বয়সী প্রত্যেক অতিথির জন্য ১ হাজার টাকা করে দিতে হবে।
আগামী বছরের ২ ফেব্রুয়ারি সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


