আবু সাঈদ হত্যায় বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

আবু সাঈদ হত্যায় বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার
ফাইল ছবি
Advertisement
Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)।

বুধবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১২৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেটের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্বে থাকা মো ফেরদৌস রহমান বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন।

স্থায়ীভাবে বহিষ্কার হওয়া তিন শিক্ষক হলেন, গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক প্রক্টর শরিফুল ইসলাম।

বহিষ্কার হওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহবুবার রহমান ওরফে বাবু, তৎকালীন সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, সহকারী রেজিস্ট্রার হাফিজুর রহমান ওরফে তুফান, সেকশন কর্মকর্তা মো মনিরুজ্জামান পলাশ, এমএলএসএস মোহাম্মদ নুরুন্নবী মণ্ডল, নিরাপত্তাপ্রহরী নুর আলম মিয়া ও এমএলএসএস এ কে এম আমির হোসেন।

আরও পড়ুন

এ সিদ্ধান্তের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো শওকত আলী বলেন, আবু সাঈদ হত্যায় জড়িত ব্যক্তিদের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশের অনুলিপি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই দিন আগে পেয়েছে।

‘আদেশ পাওয়ার পর বিষয়টি সিন্ডিকেট সভায় তোলা হয়। নিহত আবু সাঈদের প্রতি সম্মান জানাতে ও তার স্বপ্ন বাস্তবায়নে সিন্ডিকেট স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেয়’ বলে জানান তিনি।

এর আগে আবু সাঈদ হত্যা মামলার আসামিদের বিভিন্ন মেয়াদে সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল ৯ এপ্রিল এ রায় ঘোষণা করে।

২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad