জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার রায় আগামী ৯ এপ্রিল ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার এ দিন ধার্য করেন। ২৭ জানুয়ারি থেকে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ ছিল।
২০২৪ সালের ১৬ জুলাই দুপুরে আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ।
এ ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করে মামলা করা হয়। তাদের মধ্যে সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ ছয়জন বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকি ২৪ জন এখনো পলাতক।
কারাগারে থাকা ছয় আসামি হলেন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান, রেজিস্ট্রার কার্যালয়ের চুক্তিভিত্তিক সাবেক কর্মচারী আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ।


