মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা খাজা রহমত আলী কলেজ ছাত্রদলের আলোচিত সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ জিকোকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিনি বহিষ্কৃত হন।
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন শান।
শোয়েব হোসেন শানের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে খালিদ সাইফুল্লাহ জিকোকে সাংগঠনিক সব পদ থেকে বহিষ্কার করা হলো।’ ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্যও নির্দেশনা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।
মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, ‘ছাত্রদলের ব্যানারে থেকে কোন ধরনের অবৈধ কার্যক্রমের সুযোগ নেই। সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে বহিষ্কার করা হয়েছে। যারাই দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে খালিদ সাইফুল্লাহ জিকোর বিরুদ্ধে উপজেলার গোপীনাথপুর চরপাড়া এলাকায় একটি পুকুর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের অভিযোগে টাইমস অব বাংলাদেশসহ বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।


