ঢালিউড সুপারস্টার শাকিব খান আবারও কাজ করছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে। গত বৃহস্পতিবার (২ জুলাই) রিয়েল এনার্জি প্রোডাকশনের সঙ্গে নতুন এই সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন শাকিব খান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গ্রুপ ছবি পোস্ট করে তিনি লেখেন, “বরবাদ’ টিম আবার ফিরছে… চলো, আবার ইতিহাস গড়ি।”
বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় নিজেও। তিনি বলেন, “কিছুক্ষণ আগেই শাকিব ভাই আমাদের সঙ্গে নতুন সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমার নাম কিংবা বাকি অন্যান্য কাস্টিং এখনো চূড়ান্ত হয়নি।”
সিনেমার নাম এখনো ঘোষণা না হলেও নায়িকা কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। গুঞ্জন উঠেছে, ফের শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে টালিউড অভিনেত্রী ইধিকা পালকে। আবার সাবিলা নূরকেও নিয়ে গুঞ্জন রয়েছে।
শোনা যাচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশনের কর্ণধার শাহরিন আক্তার সুমির পছন্দ ইধিকা পাল। তিনি বিভিন্ন ঘরোয়া আলাপেও ইধিকাকে নিয়ে কাজ করার ইচ্ছে প্রকাশ করছেন। এর পিছনের কারণ হিসেবে জানা গেছে, ইধিকার ‘প্রফেশনালিজম’ তাকে মুগ্ধ করেছে। এছাড়া শাকিবের সঙ্গে তার আগের দুটি ছবিই ব্লকবাস্টার। ওই সুবিধাটা তিনি আবার তিনি চান।
অন্যদিকে পরিচালকের পছন্দ সাবিলা নূর। তবে কে থাকছেন শেষ পর্যন্ত তা তাদের দুজনের কেউই জানাতে চাননি। পরিচালক মেহেদী হাসান হৃদয় শুধু বলেন, ‘সময় হোক জানাবো। কয়েকটা দিন অপেক্ষা করেন।’
দুজনের সঙ্গেই শাকিব খান আগে কাজ করেছেন। ইধিকা পালের সঙ্গে শাকিব খানের প্রথম জুটি বেঁধেছিলেন ‘প্রিয়তমা’য়। হিমেল আশরাফ পরিচালিত ব্লকবাস্টারটি ছিল ইধিকার প্রথম সিনেমা। এতে দর্শকপ্রিয়তা পায় শাকিব-ইধিকা জুটি। এরপর মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ সিনেমায় দ্বিতীয়বার একসঙ্গে দেখা যায় তাদের। গত বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এই সিনেমা বক্স অফিসে ভালো সাড়া ফেলে।
অন্যদিকে সাবিলা নূরও শাকিব খানের সঙ্গে দুবার জুটি বেঁধেছেন। রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’-এর পর চলতি বছর ঈদুল আজহায় মুক্তি পাওয়া আজমান রুশোর ‘রকস্টার’-এ জুটি বাঁধেন তারা।


