রাজবাড়ীর পাংশা মহিলা কলেজ কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার ও অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে। বহিষ্কৃত তিন পরীক্ষার্থীই মানবিক বিভাগের শিক্ষার্থী।
পরীক্ষা কেন্দ্র সূত্র জানায়, সোমবার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে ওই তিন পরীক্ষার্থী কেন্দ্রের ওয়াশরুমে প্রবেশ করেন। সেখানে মোবাইল ফোন ও প্রশ্নপত্র নিয়ে তাদের সন্দেহজনক কার্যকলাপ দায়িত্বরতদের নজরে আসে। ঠিক ওই সময়েই রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান কেন্দ্র পরিদর্শনে যান।
বিষয়টি জানতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে ওয়াশরুমে অভিযান চালান এবং ওই তিন পরীক্ষার্থীকে মোবাইলসহ হাতেনাতে আটক করেন। পরে তার নির্দেশনায় পরীক্ষার কঠোর বিধিমালা অনুযায়ী তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
কেন্দ্রে দায়িত্বে থাকা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ফাহাদ মোহাম্মদ প্রান্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরীক্ষা চলাকালে ওই শিক্ষার্থীরা ওয়াশরুমে মোবাইল ফোন ও প্রশ্নপত্র নিয়ে অবস্থান করছিলেন। বিষয়টি নজরে আসার পরপরই নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেন।
বিষয়টি নিশ্চিত করে পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ বি এম ওহেদুজ্জামান জানান, ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে মানবিক বিভাগের তিন পরীক্ষার্থী পরীক্ষার কঠোর বিধিমালা লঙ্ঘন করে মোবাইল ফোনের মাধ্যমে অসদুপায় অবলম্বনের চেষ্টা করছিলেন।
পরীক্ষার শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে বিধিমালা অনুযায়ী তাৎক্ষণিকভাবে তাদের বহিষ্কার করা হয়েছে।
নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
তিনি বলেন, পরীক্ষার হলে কোনো ধরনের নকল বা অনিয়ম বরদাস্ত করা হবে না। সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের এই বিশেষ তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


