১৬ মাস ধরে ওয়ানডে ফরম্যাটের বাইরে ছিলেন শরীফুল ইসলাম। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেও একাদশের বাইরে থাকারই কথা ছিল তার। কিন্তু টসের ঠিক আগে মোস্তাফিজুর রহমানের ডান হাঁটুর অস্বস্তিতে সুযোগ মিলল তার। বছর দেড়েক পর ওয়ানডেতে ফিরে করলেন দারুণ পারফরম্যান্সও। ১০ ওভারে ২ মেইডেন-সহ ২৭ রানে নিয়েছেন ২ উইকেট।
বাকিদের মতো শরীফুলও আশা করেননি একাদশে শেষ মুহূর্তে সুযোগ পাবেন। রোববার দ্বিতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে এসে এই বাঁহাতি পেসার বলেন, টসের দুই সেকেন্ড আগে তাকে জানানো হয়, ম্যাচ খেলার কথা।
মোস্তাফিজের ইনজুরিতে একাদশে সুযোগ পাওয়া নিয়ে শরীফুল বলেন, ‘টস হওয়ার হয়তো দুই-এক সেকেন্ড আগে আমাকে বললো যে আমি খেলবো। তখন রিশাদের সাথে কথা বললাম ড্রেসিংরুমে। তখন রিশাদ বলল, “ভাই হয়তো তোমার রিজিকে আছে”, আমি ওভাবেই প্রিপারেশন নিয়েছি, তারপর রান-আপ মেপেছি, ওয়ার্ম আপে বোলিং করেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে রেখেছিলেন, সেজন্যই সব হলো।’
আগের ম্যাচে এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরেও সোমবার শুরু হতে যাওয়া দ্বিতীয় ওয়ানডের সেরা একাদশে জায়গা নিশ্চিত নয় শরীফুলের। মোস্তাফিজ হাঁটুর চোট থেকে সেরে উঠেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। যদিও এর নেপথ্যে আছে বাংলাদেশের পেস বোলিং বিভাগের মধ্যে চলমান সুস্থ প্রতিযোগিতা।
ম্যাচ খেলার জন্য সবাই সবসময় প্রস্তুত থাকেন বলে জানিয়েছেন শরীফুল। এই বাঁহাতি পেসার বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা যে ১৫ জন স্কোয়াডে আছি, সবাই রেডি থাকি ম্যাচ খেলার জন্য। এখন সিদ্ধান্ত কোচ, টিম ম্যানেজমেন্টের। তবে আমরা সবাই রেডি আছি। আর ম্যাচ খেলা, না খেলা তো আমার হাতে নেই। তারা যে দল দেবে সেই দল নিয়েই আমরা মাঠে নামব।’
প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের দেয়া ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ গুটিয়ে গেছে ২২১ রানে। ২৬ রানের সেই হারে দ্বিতীয় ম্যাচ পরিণত হয়েছে সিরিজ বাঁচানোর লড়াইয়ে।


