নারায়ণগঞ্জে পৃথক দুটি অভিযানে অবৈধভাবে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই ব্যক্তিকে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়।
বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম অভিযান মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে গোদনাইলস্থ মেঘনা ডিপোর ঈদগাহ এলাকায় চালানো হয়। অভিযানে ৯ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় অবৈধভাবে জ্বালানি মজুত করার অভিযোগে সিফাত নামের এক ব্যক্তিকে ছয় হাজার টাকা অর্থদণ্ড এবং দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পরে একই এলাকায় এসএ রোডে একটি বাড়িতে অভিযান চালিয়ে আরও ৪ হাজার ৮৮০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় নাসির নামের আরেক ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


