শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামিরা ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়ার পর ১৪ দিনের রিমান্ড শেষে শনিবার আদালতে হাজির করা হয়েছে। আদালত তাদের পুনরায় ১৪ দিনের হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।
এদিকে, পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ‘ইনকিলাব মঞ্চ’। রোববার এক বিবৃতিতে সংগঠনটি সরকারের ‘নীরবতা ও নিষ্ক্রিয়তা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, আসামিদের গ্রেপ্তার প্রথমে সরকারের সাফল্য হিসেবে বিবেচিত হলেও বর্তমান পরিস্থিতি সেই প্রত্যাশাকে প্রশ্নবিদ্ধ করেছে।
সংগঠনটি ছয় দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলো হলো ১. পররাষ্ট্র মন্ত্রণালয়কে জরুরি উদ্যোগ নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা।
২. হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনাকারীদের শনাক্ত করতে উচ্চপর্যায়ের নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন।
৩. আসামিরা কীভাবে সীমান্ত অতিক্রম করেছে এবং এতে কারও সহায়তা ছিল কি না তা তদন্ত করে সংশ্লিষ্টদের নাম প্রকাশ ও গ্রেপ্তার।
৪. ভারতে সন্ত্রাসবিরোধী আইন ইউএপিএ’র আওতায় বিচার দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা বিবেচনায় একটি বিশেষ আইনি বিশেষজ্ঞ সেল গঠন, যা ভারতের আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং নিয়মিত অগ্রগতি জানাবে।
৫. মামলার বিচার ‘ওপেন ট্রায়াল’ পদ্ধতিতে সম্পন্ন করে তা গণমাধ্যমে সরাসরি সম্প্রচার।
৬. আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি বা রোডম্যাপ ঘোষণা না করলে ঢাকাসহ সারা দেশে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি।


