পবিত্র ঈদুল ফিতরে বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে দুপুরে তিনি শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে বাবা-মায়ের সমাধিস্থলে যান।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিনী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান, তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান।
পরিবারের সদস্যদের নিয়ে তারেক রহমান মা-বাবার কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
এর পরে বিএনপির পক্ষ থেকে কবরে পুস্পমাল্য অর্পন করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এই সময়ে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাংসদ মীর শাহে আলম ও প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা এটিএম শামসুল ইসলাম।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে গুলশানের বাসায় ফিরেছেন।
শনিবার শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে পরিবারের সদস্যদের নিয়ে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এসময় তারা সেখানে ফাতেহা পাঠ ও প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন।


