চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করেছেন জানিয়ে অভিযুক্ত স্বামী থানায় আত্মসমর্পণ করেছেন।
শনিবার নগরের ৪১ নম্বর ওয়ার্ডের পতেঙ্গা থানার দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম হালিমা আক্তার (৩০)। তিনি আব্দুল মান্নান ও নুর নাহারের মেয়ে। অভিযুক্ত স্বামী জহিরুল ইসলাম পেশায় একজন গাড়িচালক। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ওই দম্পতি চট্টগ্রাম নগরের দক্ষিণ পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। শনিবার ইফতারের কিছু আগে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে জহিরুল ছুরি দিয়ে হালিমাকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর জহিরুল তাদের ছোট ছেলেকে সঙ্গে নিয়ে পতেঙ্গা থানায় আত্মসমর্পণ করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় এক মাস ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তবে প্রাথমিকভাবে জানা গেছে, স্বামী নিজেই স্ত্রীকে হত্যা করে ছেলেকে নিয়ে থানায় এসে আত্মসমর্পণ করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


