সিলেট সদর উপজেলার জাঙ্গাইলের সুরমা নদী থেকে বলাউরা পর্যন্ত বংশীখাল খনন কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার খাল খনন কাজের উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, প্রায় ৬ কিলোমিটার দৈর্ঘ্যের এই বংশীখাল খনন করার পর পানিপ্রবাহ স্বাভাবিক হলে অন্তত ৬ হাজার হেক্টর কৃষিজমি সেচ সুবিধার আওতায় আসবে।
জনগণের কাছে দেওয়া নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সেচ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।সিলেট অঞ্চলের অনেক কৃষিজমি শুকনো মৌসুমে সেচের পানির অভাবে অতিরিক্ত ফসল উৎপাদন থেকে বঞ্চিত হয়। এই সমস্যা সমাধানের লক্ষ্যেই বংশীখাল খনন করা হচ্ছে।’
সেচের জন্য যথাযথ পানি পেলে কৃষকরা অতিরিক্ত ফসল উৎপাদনের সুযোগ পাবেন, তাদের আয় বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলেওই উল্লেখ করেন তিনি।
খন্দকার মুক্তাদির বলেন, ‘সরকার নির্বাচনের সময় জনগণের সামনে যে উন্নয়ন পরিকল্পনাগুলো উপস্থাপন করেছে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে সিলেটসহ সারা দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাবে সরকার।’
দায়িত্ব গ্রহণের মাত্র ২১ দিনের মধ্যেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেণ, এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মো. সরওয়ার আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতসহ অন্যরা উপস্থিত ছিলেন।


