পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আলাদা দুটি ঘটনায় পানিতে ডুবে এক শিশু এবং ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার সকালে এসব ঘটনা ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া শিশুর নাম তালহা (১৩ মাস)। সে ভাঙ্গুড়া উপজেলার মৌহাট গ্রামের সোহেল রানার ছেলে। অন্যদিকে ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল ১০টার দিকে তালহা বাড়ির উঠানে খেলছিল। এক পর্যায়ে বাড়ির আঙিনায় রাখা পানিভরতি চাড়িতে পড়ে যায়। পরে স্বজনরা তাকে খুঁজতে গিয়ে চাড়ির ভেতর থেকে উদ্ধার করেন।
পরে শিশুটিকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে শিশুটির বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে একই দিন সকাল ১১টার দিকে ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি (৩৫) নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হেঁটে বড়ালব্রিজ রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা ধারণা করছেন।
ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর বিষয়ে ওসি এস এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনাটি সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের আওতাধীন। তাদের খবর দেওয়া হয়েছে এবং তারা এসে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।’


