রাজধানীর গুলশান–বনানী এলাকার সিসা বার ও সিসা লাউঞ্জ বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু। আদেশের বিষয়টি তিনিই টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৮ জানুয়ারি রাজধানীর গুলশান–বনানীর অনুমোদনবিহীন মাদক সিসা ও সিসা লাউঞ্জ বন্ধের নির্দেশনা চেয়ে রিট করা হয়। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু এ রিট করেন। রিটে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, র্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছিল।
গত ৮ জানুয়ারি রাজধানীর অভিজাত এলাকায় অনুমোদনবিহীন মাদক সিসা ও সিসা লাউঞ্জ বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে এস এম জুলফিকার আলী জুনু সরকার সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠান।
বাংলাদেশে সিসা বার বা সিসা সেবন কোনোটিই বৈধ নয়। স্বাস্থ্য মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এসব বার বা লাউঞ্জ পরিচালনার অনুমতি দেয় না। তারপরেও ঢাকার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অসংখ্য সিসা বার। সেখানে সিসার পাশাপাশি চলে বিভিন্ন ধরনের মাদক সেবন।


