পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক আয়োজন সামনে আসছে। আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬’, যেখানে প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডসংগীত শিল্পী নগর বাউল জেমস।
আয়োজক সূত্রে জানা গেছে, লিসবনের সুপরিচিত ভেন্যু লিসবোয়া আও ভিভোতে বিকেল ৫টা থেকে শুরু হবে এই জমকালো আয়োজন। জেমস তার কালজয়ী গান পরিবেশনের মাধ্যমে দর্শকদের এক অনন্য সংগীত অভিজ্ঞতা উপহার দেবেন বলে আশা করা হচ্ছে।
প্রবাসে বসে দেশের সংস্কৃতি ও সংগীতের স্বাদ পেতে মুখিয়ে থাকা বাংলাদেশিদের মধ্যে ইতোমধ্যেই এ কনসার্টকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান কাসা দো বাংলাদেশ এবং নোতিসিয়াস বাংলা জানিয়েছে, এটি হতে যাচ্ছে পর্তুগালে এ পর্যন্ত সবচেয়ে বড় বাংলা সংগীত আয়োজন।
কনসার্ট উপলক্ষে ২৬ এপ্রিল সন্ধ্যায় লিসবনের লিটনস তুর্কিশ গ্রীল-এ এক সংবাদ সম্মেলন ও ডিনার নাইট অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটির বিশিষ্টজন, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, জেমসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর আগমনে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হবে এবং প্রবাসের মাটিতে তৈরি হবে এক টুকরো বাংলাদেশের আবহ।


