নড়াইলের কালিয়ায় জমি নিয়ে বিরোধে নিহত ১

নড়াইলের কালিয়ায় জমি নিয়ে বিরোধে নিহত ১
নড়াগাতী থানা, নড়াইল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মো. ইছুব মোল্যা (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

সোমবার সকাল ৯টার দিকে নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মো. ইছুব মোল্যা বেলেডাঙ্গা গ্রামের মনিরুজ্জামান মোল্যার ছেলে। আহতরা হলেন–একই থানার খামারবাড়োখালি গ্রামের ইসরাফুল মুন্সির দুই ছেলে ফিরোজ ও আশরাফুল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত ইছুব মোল্যার সঙ্গে তার চাচাতো ভাই আতা মোল্যার জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এদিন সকালে একটি জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ইছুব মোল্যা, ফিরোজ ও আশরাফুল গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. ইছুব মোল্যাকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন বর্তমানে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ ছাড়া বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে আশ্বস্ত করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad