দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।
রোববার সকাল ৮টা থেকে চলছে কর্মবিরতি, চলবে বিকাল ৪টা পর্যন্ত।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বন্দর ইউনিটের ডাকে শনিবার সকালে শুরু হয় এই কর্মসূচি।
ধর্মঘটের কারণে সকাল থেকেই বন্দরে পণ্য পরিবহনসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। বন্দর থেকে বের হচ্ছে না পণ্যবাহী কোনো গাড়ি। আনুমানিক ১০ হাজার শ্রমিক-কর্মচারী কাজ বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
এর আগে শনিবারও কার্যত বন্ধ ছিল বন্দরের সব ধরনের কার্যক্রম।
অন্যদিকে এই কর্মবিরতি কর্মসূচির পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে। আন্দোলনের নেতৃত্ব দেওয়া শ্রমিক দল নেতা হুমায়ুন কবিরসহ চারজনকে রোববার ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও আইসিটিতে বদলি করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আন্দোলনের ফলে ক্ষয়ক্ষতি নিরূপণ করতে একটি তদন্ত কমিটিও গঠন করেছে।
একই সঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বন্দর এলাকায় যেকোনো ধরনের মিছিল সমাবেশ করার জন্য এক মাসের নিষেধাজ্ঞা জারি করেছে।
তবে নির্বাচন সংক্রান্ত মিছিল এেই নিষেজ্ঞার বাইরে রাখা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে, এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলছে। দুই একদিনের মধ্যেই এটি চূড়ান্ত হতে পারে।
চট্টগ্রাম বন্দর সিবিএ’র সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির বলেন, ‘আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় আমিসহ চারজনকে বদলি করেছে বন্দর প্রশাসন। আমরা এই বদলি মানি না। আমাদের কর্মসূচি চলছে। রোববার বিকালে আমার নতুন কর্মসূচি ঘোষণা করবো। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করলে বন্দরে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হবে।’
আন্দোলন এবং চুক্তির বিষয়ে কথা বলার জন্য কথা বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক এবং চিফ পারসোনাল অফিসার নাসির উদ্দিনকে টেলিফোন করা হলেও তারা রিসিভ করেননি।


