মা-বোনদের সরলতার সুযোগ নিয়ে একটি দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঠাকুরগাঁও-১ আসনের এই সংসদ সদস্য প্রার্থী বলেন, ‘কোনো নির্দিষ্ট মার্কায় ভোট দিলেই বেহেশতে যাওয়া যাবে, এমন কথা আল্লাহ কোথাও বলেননি। আমাদের মা বোনেরা সবাই সরল৷ কোরআন শিক্ষার নাম করে তারা বলেন দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে৷ আল্লাহর নির্দেশ পালন করলেই বেহেশতে যাওয়া যাবে। এর জন্য কোনো মার্কাকে ভোট দেওয়ার দরকার নেই।’
রোববার সকালে ঠাকুরগাঁওয়ের কাজীপাড়ায় নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘কিছু লোক নির্বাচনকে বাঞ্চচাল করার চেষ্টা করবেই৷ এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবেনা৷ দেশের মানুষ জেগে গেছে৷ এবার ভোট আমরা দেবই।’
বিএনপি ক্ষমতায় এলে ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘মায়েদের ফ্যামিলি কার্ড আর কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে।’
বিএনপি ক্ষমতা নেওয়ার ১৮ মাসের মধ্য এক কোটি শিক্ষিত বেকারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও প্রতিশ্রুতি দেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, ‘শান্তি, শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে৷ সকল ধর্মের মানুষেরা শান্তিতে থাকবেন।’


