কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়শিবির থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়েছে। ১৩ নম্বর শিবিরে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রটি উদ্ধার করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)।
রোহিঙ্গা আশ্রয়শিবিরে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ রোববার সকালে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থাইংখালী তাজনিমার খোলা ১৩ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ডি-ব্লক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
‘এই এলাকার একটি পাহাড়ের নিচে কতিপয় দুষ্কৃতিকারী অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে’ এমন খবর পেয়ে সেখানে পুলিশ অভিযান পরিচালনা করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা কৌশলে পালিয়ে যায় বলে জানান রিয়াজ উদ্দিন।
পরে ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় শ্যুটারগানটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান এপিবিএনের ওই কর্মকর্তা।


