মেহেরপুরের সহগলপুর গ্রামে এক প্রবাসীর বাড়ির সামনে থেকে দুটি ককটেল এবং চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ওই প্রবাসীর নাম মিঠুন হোসেন। তিনি সিঙ্গাপুরে থাকেন।
রোববার ভোরে উদ্ধার করা চিরকুটে দেড় লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। সেইসঙ্গে একটি মোবাইল নাম্বারও দেওয়া ছিল।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি মিঠুন হোসেন গ্রামে বাড়ি নির্মাণ করছেন। ওই বাড়ির গেটের সামনেই ককটেল ও চিরকুট দেখতে পায় বাড়ির লোকজন। খবর পেয়ে গাংনী থানার ধলা পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে যায়।
এ সময় তারা লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো দুটি ককটেল এবং হাতে লেখা চিরকুট উদ্ধার করে পুলিশ। ককটেল দুটি উদ্ধার করে পানি-বালু ভর্তি নিরাপদ পাত্রে করে থানায় নেওয়া হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস জানান, ‘মিঠুন সুন্দর বিল্ডিং নির্মান করছেন তাই মিষ্টি খাওয়ার জন্য দেড় লাখ টাকা দিতে হবে নয়তো বিল্ডিং হারাতে হবে’ হুমকি দিয়ে ককটেল পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত শুরু হয়েছে। ঘটনার সাথে কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।


