চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়ার প্রায় চার ঘণ্টা পর তিন বছরের শিশু মিছবাহকে উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত ৮টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধার করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা শিশুটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখানে তার ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। প্রাথমিকভাবে শিশুটির অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মিছবাহ ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
ওসি সাজেদুল ইসলাম জানান, কীভাবে শিশুটি নলকূপের গর্তে পড়ে যায়, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নলকূপটির প্রকৃত গভীরতা সম্পর্কেও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে উদ্ধারকারী দল আনুমানিক ১২ ফুট নিচে শিশুটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।
রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সামশুল আলম জানিয়েছেন, নলকূপের গর্তে আনুমানিক ১২ ফুট নিচে শিশুটির অবস্থান শনাক্ত করা হয়েছিল। বিকেল ৫টা ২০ মিনিটের দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা বাঁশের লাঠি ব্যবহার করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। ভিডিওতে এক যুবককে শিশুটিকে বাঁশ ধরে রাখতে বলতেও শোনা যায়।


