২০২২-২৩ অর্থবছরের জাতীয় রপ্তানি ট্রফি দেওয়া সংক্রান্ত সব কাজ বাতিল ঘোষণা করেছে সরকার।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বাতিলের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. রাজ্জাকুল ইসলাম।
বুধবার প্রজ্ঞাপনটি টাইমস অব বাংলাদেশের হাতে এসেছে।
বৈদেশিক মুদ্রা আহরণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে গত কয়েক বছর ধরেই দেশে জাতীয় রপ্তানি ট্রফি দেওয়া হয়ে আসছে।
সবশেষ ২০২৪ সালের ১৪ জুলাই মোট ৭৭ প্রতিষ্ঠানের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছিল। সেবছর ২০২১-২২ অর্থবছরের বিজয়ীরা পুরস্কার পেয়েছিল।
সেবছরের ৫ আগস্ট তীব্র গণআন্দোলনের মুখে দেশ ছাড়ের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হয় তার দল।
এরপর থেকে দেশে আর এই ট্রফি দেওয়া হয়নি।

সবশেষ গত বছরের ৪ মে ‘জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা-২০২২’ পর্যালোচনা করে সংশোধনের জন্য কমিটি গঠন করে সরকার।
পাঁচ সদস্যের এই কমিটির আহ্বায়ক বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা-২০২২ পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের জন্য সুপারিশ দেবে।
এর আট মাসের বেশি সময় পর ২০২২-২৩ অর্থবছরের জাতীয় রপ্তানি ট্রফি সংক্রান্ত সব কাজ বাতিল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হলো।


