তাহাজ্জুদ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান তারেক রহমানের

তাহাজ্জুদ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান তারেক রহমানের
নির্বাচনী সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তারেক রহমান। সোমবার বিকালে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

ভোটারদের তাহাজ্জুদ নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘১২ ফেব্রুয়ারি সকালে তাহাজ্জুদ পড়ে নিজ নিজ এলাকার ভোটকেন্দ্রে চলে যেতে হবে। সেখানে গিয়ে ফজরের নামাজ পড়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার প্রস্তুতি নিতে হবে এবং সবশেষ ভোট গুণে-বুঝে নিতে হবে।’

সোমবার বিকালে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘গত ১৫ থেকে ১৬ বছর ধরে আমাদের ভোটাধিকার ও স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা এ কাজ করেছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে। এখন আরেকটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।’

বিএনপির পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্বে থাকাকালে ক্লাস ওয়ান থেকে একাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করেছিলেন। বিএনপি সরকার গঠন করতে পারলে শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মেয়েদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ দেওয়া হবে এবং সংসার পরিচালনায় সহায়তার জন্য “ফ্যামিলি কার্ড” চালু করা হবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষিত বেকারদের প্রশিক্ষণ দিয়ে ব্যাংক ঋণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের সহায়তার জন্য চালু করা হবে কৃষি কার্ড। দেশটা আমাদের সকলের, দেশটাকে সবাই মিলে গড়ে তুলতে হবে।’

আরও পড়ুন

হাতিয়ার সমস্যা প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘হাতিয়ার নদীভাঙন রোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে।’

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে, সোমবার সকাল থেকে হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে ধানের শীষের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল কলেজ মাঠে এসে জড়ো হয়। এতে প্রায় ২০ হাজার মানুষের সমাগম ঘটে।

এদিকে, বিএনপির সমাবেশ উপলক্ষে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত করায় সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, রাজনৈতিক সমাবেশের কারণে পরীক্ষা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, সোমবার একাদশ শ্রেণির অর্ধবার্ষিক ও দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীমের উদ্যোগে কলেজ মাঠে তারেক রহমানের ভার্চ্যুয়াল সমাবেশ আয়োজনের কারণে পরীক্ষা মঙ্গলবার পুনর্নির্ধারণ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad