মঙ্গলবার ময়মনসিংহে, বৃহস্পতিবার রাজশাহীতে যাবেন তারেক রহমান

মঙ্গলবার ময়মনসিংহে, বৃহস্পতিবার রাজশাহীতে যাবেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার ময়মনসিংহ সফর করবেন। এদিন দুপুর ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি।

তারেক রহমানের ময়মনসিংহ সফরকে কেন্দ্র করে রোববার বিএনপির ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।

সভায় বিভাগের বিভিন্ন জেলার ২৪টি আসনের বিএনপির দলীয় প্রার্থীসহ মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সভা শেষে ময়মনসিংহ-৪ (সদর) আসনের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ, জামালপুর-৫ (সদর) আসনের প্রার্থী ওয়ারেছ আলী মামুন, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের প্রার্থী মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুসহ অন্য নেতারা জনসভাস্থল সার্কিট হাউজ মাঠ পরিদর্শন করেন।

ময়মনসিংহের জনসভা শেষে যাত্রাপথে আরও দুটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন তারেক রহমান। সন্ধ্যা ৬টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে এবং সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে আয়োজিত জনসভায় তিনি বক্তব্য রাখবেন। কর্মসূচি শেষে রাত ৮টার দিকে তিনি গুলশানে নিজ বাসভবনে পৌঁছাবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

এদিকে আগামী বৃহস্পতিবার রাজশাহীতে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভা সফল করতে শনিবার রাতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার ১৩টি আসনের বিএনপি প্রার্থী এবং মহানগর ও জেলা বিএনপির নেতাদের সঙ্গে ভার্চুয়াল সভা করেন তারেক রহমান। ওই সভায় রাজশাহী সফরের সিদ্ধান্তের কথা জানান তিনি।

আরও পড়ুন

রাজশাহী-২ (মহানগর) আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান জানান, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান। রোববার সকাল থেকেই মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে নগরীতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সর্বশেষ ২০০৩ সালে দলীয় নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মসূচিতে তারেক রহমান রাজশাহী সফর করেছিলেন উল্লেখ করে তিনি জানান বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় বিমানে করে রাজশাহীতে পৌঁছাবেন তিনি। সেখান থেকে সরাসরি তিনি মাদ্রাসা মাঠের সমাবেশে যোগ দেবেন। রাজশাহীর কর্মসূচি শেষে সড়কপথে নওগাঁ যাবেন এবং সন্ধ্যার পর নওগাঁ বাইপাসে আরেকটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।

পরে সড়কপথে বগুড়ায় গিয়ে রাতেই সেখানে আরেকটি নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সমাবেশ শেষে বগুড়াতেই রাতে থাকতে পারেন বিএনপি চেয়ারম্যান।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতের ভার্চুয়াল সভায় রাজশাহীর ছয়টি আসনের দলীয় প্রার্থীর পাশাপাশি বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত এবং নাটোর-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুও অংশ নেন।

এদিকে বরিশালে তারেক রহমানের জনসভার তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। একাধিকবার সময়সূচি পরিবর্তনের কারণে জনসভা নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হলেও বিএনপি নেতারা জানিয়েছেন, সিডিউল জটিলতার কারণে তারিখ পরিবর্তন করা হয়েছে, সফর বাতিল হয়নি। নতুন তারিখ নির্ধারণ করে শিগগিরই জানানো হবে। এর আগে বরিশালে জনসভার তারিখ প্রথমে ২৬ জানুয়ারি এবং পরে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল।

বিএনপি সূত্র জানায়, তারেক রহমান বর্তমানে দেশের বিভিন্ন স্থানে একের পর এক নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন। ফলে নির্ধারিত সময়সূচি বজায় রাখা কঠিন হয়ে পড়ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad