রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার হঠাৎ দেশত্যাগ

রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার হঠাৎ দেশত্যাগ
Advertisement
Advertisement

বাগেরহাটের রামপালে অবস্থিত মৈত্রী সুপার তাপবিদ্যুৎকেন্দ্রে কর্মরত ৯ জন ভারতীয় কর্মকর্তা কাউকে না জানিয়ে হঠাৎ বাংলাদেশ ত্যাগ করেছেন। পরে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে নিরাপত্তাহীনতার কারণে বাংলাদেশ ত্যাগের কথা জানিয়েছেন।

এই কর্মকর্তারা সবাই ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) থেকে প্রেষণে রামপাল বিদ্যুৎকেন্দ্রে নিয়োজিত ছিলেন। বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশ ও এনটিপিসি’র একটি যৌথ প্রকল্প।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, শনিবার সকালে নাশতার টেবিলে ওই কর্মকর্তাদের পাওয়া না যাওয়ায় কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। এরপর শুরু হয় খোঁজখবর। একপর্যায়ে জানা যায়, ভোরে তারা নিজ নিজ গাড়ি নিয়ে বিদ্যুৎকেন্দ্র থেকে বের হয়ে গেছেন। তারা সবাই স্থলপথে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে চলে যান।

ভারতীয় কর্মকর্তাদের এভাবে বাংলাদেশ ত্যাগ করার কথা নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক রামানাথ পুজারী।

হঠাৎ দেশ ত্যাগ করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন জেনারেল ম্যানেজার প্রতিম ভর্মন, বিশ্বজিৎ মণ্ডল ও এন সুরায়া প্রকাশ রায়। এ ছাড়া সহকারী জেনারেল ম্যানেজার কেশবা পালাকি ও পাপ্পু লাল মিনা, ডেপুটি জেনারেল ম্যানেজার সুরেয়া কান্ত মন্দেকার, সুরেন্দ্র লম্বা ও অনির্বাণ সাহা এবং সিএফও ইমানুয়েল পনরাজ দেবরাজও রয়েছেন এই তালিকায়।

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম গণমাধ্যমকে  জানান, ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশ ত্যাগের জন্য কোনো অনুমতি নেননি। নিরাপত্তাহীনতা প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎকেন্দ্রে সেনাবাহিনী, পুলিশ ও আনসারসহ চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা চালু আছে। এর আগে ওই কর্মকর্তারা নিরাপত্তা নিয়ে কখনো কোনো অভিযোগ বা উদ্বেগ প্রকাশ করেননি। ফলে এ ধরনের কোনো ঝুঁকি সেখানে ছিল না বলেই মনে করে কর্তৃপক্ষ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর