এনইউবিতে জিএনএসএস ও এআই নিয়ে সেমিনার

এনইউবিতে জিএনএসএস ও এআই নিয়ে সেমিনার
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে জিএনএসএস ও এআই-ভিত্তিক সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

প্রযুক্তিনির্ভর বিশ্বে নিরাপদ যোগাযোগ, নির্ভুল তথ্য ও কার্যকর নেভিগেশনের গুরুত্ব তুলে ধরতে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) দুটি বিষয়ের ওপর বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার আয়োজিত সেমিনার দুটির একটিতে আলোচনার বিষয় ছিল গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (জিএনএসএস) ব্যবহার করে আয়নোস্ফিয়ার পর্যবেক্ষণ এবং অন্যটিতে আধুনিক সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)।

জিএনএসএস ও আয়নোস্ফিয়ার বিষয়ক সেমিনারে মূল বক্তব্য দেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) অধ্যাপক মো. গোলাম মোস্তফা। তিনি বলেন, আয়নোস্ফিয়ার পৃথিবীর বায়ুমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ স্তর, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬০ থেকে ১ হাজার কিলোমিটার উচ্চতায় বিস্তৃত। এই স্তরে থাকা মুক্ত ইলেকট্রন বেতার তরঙ্গের গতিপথ ও গতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দিনের বেলায় সূর্যের বিকিরণের প্রভাবে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায় এবং রাতের বেলায় তা হ্রাস পায় উল্লেখ করে তিনি বলেন, এ স্বাভাবিক পরিবর্তনের ফলে জিপিএসসহ বিভিন্ন স্যাটেলাইটভিত্তিক নেভিগেশন ব্যবস্থায় সংকেতের বিলম্ব ও অস্থিতিশীলতা দেখা দিতে পারে।

মো. গোলাম মোস্তফা জানান, বিষুবরেখা সংলগ্ন অঞ্চলে ইকুয়েটরিয়াল আয়োনাইজেশন অ্যানোমালি (ইআইএ) নামে পরিচিত একটি প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে আয়নোস্ফিয়ারে ইলেকট্রনের ঘনত্ব অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এর প্রভাব নিম্ন অক্ষাংশের দেশগুলোতে তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়, যা যোগাযোগ ব্যবস্থা ও নির্ভুল নেভিগেশনের ক্ষেত্রে বাড়তি চ্যালেঞ্জ তৈরি করে। এসব বিষয় বোঝার জন্য জিএনএসএস প্রযুক্তি ব্যবহার করে আয়নোস্ফিয়ার পর্যবেক্ষণ অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি।

আরও পড়ুন

অন্য সেমিনারে সৌদি আরবের ইউনিভার্সিটি অব প্রিন্স মুগরিনের সাইবারসিকিউরিটি অ্যান্ড ফরেনসিক কম্পিউটিং বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহমান ‘মাল্টি-এজেন্টিক এআই অগমেন্টেড সাইবার সিকিউরিটি’ বিষয়ে বক্তব্য দেন। ‘মাল্টি-এজেন্টিক এআই অগমেন্টেড সাইবার সিকিউরিটি’ হলো সাইবার নিরাপত্তার একটি উন্নত পদ্ধতি, যেখানে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ‘এজেন্ট’ একত্রে কাজ করে ডিজিটাল সিস্টেমকে রক্ষা করে।

অধ্যাপক মোহাম্মদ আবদুর রহমান বলেন, একাধিক এআই এজেন্ট একসঙ্গে কাজ করলে জ্বালানি, যোগাযোগ ও সরকারি ডিজিটাল অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ জাতীয় সিস্টেমের সাইবার নিরাপত্তা আরও শক্তিশালী করা সম্ভব। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে এআই ও সাইবার নিরাপত্তা বিষয়ক পাঠ্যক্রম চালুর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত এনইউবির উপাচার্য অধ্যাপক মো. মিজানুর রহমান বলেন, ভবিষ্যতের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন মো. মোস্তাফিজুর রহমান। সেমিনারে মূল বক্তাদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) দিয়ে সম্মান জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad