গাইবান্ধায় রঙের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের কলেজপাড়া এলাকার একটি নির্মাণাধীন বাসায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রাকিব মিয়া (২৩)। তিনি সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের পূর্ব কোমরনই গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মাহবুব আলম খাজা।
স্থানীয়রা জানিয়েছেন, এদিন পৌর শহরের কলেজ পাড়ায় সোহেল রানা নির্মাণাধীন বাসার পিলারে রং করছিলেন রাকিব মিয়া। কাজ করতে করতে অসাবধানতায় বিদ্যুতের তারে আটকে যান তিনি। এ সময় রাকিব মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
তবে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান তিনি।


